প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম (ভিজিট : ১৫০)
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রথম কর্মসূচি হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা। কবর জিয়ারতের মধ্য দিয়ে তারা নতুন প্রত্যয় ও পুনর্জীবিত রাজনৈতিক পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন।
রোববার (৯ আগস্ট) রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সান্টু।
কবর জিয়ারত শেষে নেতারা বলেন, সুদূর নড়াইল জেলার রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছেন। তাদের রাজনৈতিক পথচলার মূল প্রেরণাই হচ্ছে জিয়া পরিবারের আদর্শ, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়।
তারা বলেন, কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই নতুন পথচলা হবে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। নড়াইল জেলা তথা লোহাগড়া উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় আবেগঘন পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়, যাতে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারেন।
কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে লোহাগড়া থেকে আগত বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের উপস্থিতিতে এ কর্মসূচি পরিণত হয় আবেগ, শ্রদ্ধা ও নতুন রাজনৈতিক প্রত্যয়ের এক মিলনমেলায়।