প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলের আন্দিজ পর্বত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশে। এর গভীরতা ছিল প্রায় ৬৭ কিলোমিটার। ভূমিকম্পটি দক্ষিণ পেরুর বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানী লিমাতেও অনুভূত হয়।
ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কিছু বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কিছু এলাকায় পাহাড় থেকে পাথর ধসে পড়ার ঘটনাও ঘটেছে।
তবে ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে পেরুর নৌবাহিনী জানিয়েছে। দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়।