প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ৮১)

ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল পর্যন্ত চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার মধ্যে ওয়াশিংটনের এমন অবস্থানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।
বৃহস্পতিবার পানামা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ দীর্ঘদিন চালিয়ে যেতে পারবে মার্কিন নৌবাহিনী। এ জন্য বিভিন্ন যুদ্ধজাহাজ পর্যায়ক্রমে মোতায়েন ও পরিবর্তন করা হবে।
তিনি বলেন, ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দীর্ঘমেয়াদি উপস্থিতি বজায় রাখার সক্ষমতা রয়েছে। অবরোধের কারণে ইরানের অর্থনীতিতেও উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। আগামী সপ্তাহে এমন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে, যা ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
অন্যদিকে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতিও ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকির পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দামও কিছুটা বেড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজার ও বিভিন্ন দেশের অর্থনীতিতেও।