
এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (APSC) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। কাউন্সিলের চেয়ারম্যান মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক চিঠিতে শামীমা পারভীনকে আনুষ্ঠানিকভাবে এ পদে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।
প্রাপ্ত মনোনয়নপত্রে বলা হয়েছে, এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল শামীমা পারভীনের পেশাগত অভিজ্ঞতা, পুলিশিংয়ে অবদান এবং ক্রীড়া-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে। এ পদে থেকে তিনি কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পুলিশ ক্রীড়ার উন্নয়ন ও প্রসার, আঞ্চলিক সহযোগিতা, ক্রীড়া আয়োজন এবং এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংগঠনের মধ্যে বন্ধুত্ব ও ক্রীড়াসুলভ সম্পর্ক জোরদারে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ পুলিশের কর্মকর্তা শামীমা পারভীন চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান। এর মধ্য দিয়ে ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার নজিরও গড়েন তিনি। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এআইজি) হিসেবে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক দায়িত্বে ছিলেন।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শামীমা পারভীনের আন্তর্জাতিক অঙ্গনেও কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হাইতিতে বাংলাদেশ পুলিশের নারী ফর্মড পুলিশ ইউনিটের নেতৃত্ব দেন।
সেখানে তিনি ১৩৯ সদস্যের একটি পুলিশ কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারেও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে নারী পুলিশ সদস্যদের নিয়েও কাজ করেছেন শামীমা পারভীন। তিনি ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়কের দায়িত্ব পালন করার পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের সেন্ট্রাল ও সাউথ এশিয়া কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন শামীমা পারভীন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এদিকে, গত মে মাসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক হিসেবেও শামীমা পারভীন নির্বাচিত হন।
এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব তার আন্তর্জাতিক পুলিশ ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ততার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ দায়িত্বের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংগঠনের মধ্যে ক্রীড়া, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।