প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম (ভিজিট : ৫৮)

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি, প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে ক্ষমতাসীন দল বিএনপি। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রস্তুতিও দৃশ্যমান হয়েছে।
এদিকে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।
সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় এসেছে।
তবে বিএনপির নেতাদের একটি বড় অংশ মনে করছেন, রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্বের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হলে তা দলের জন্য বেশি গ্রহণযোগ্য হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনা আরও জোরালো হচ্ছে।