প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম (ভিজিট : ৪৬)

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, ড্রোন চুক্তির বাস্তবায়ন এবং বৈশ্বিক খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, সৌদি যুবরাজের সঙ্গে তার ‘খুবই গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। এ সময় মোহাম্মদ বিন সালমান তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক চুক্তি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করেন।
জেলেনস্কি জানান, ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত ড্রোন চুক্তি বাস্তবায়নে সামনে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় দুই দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।