প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম (ভিজিট : ১৪২)

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঢাকা ও নয়াদিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সম্ভাব্য এই সফরকে সামনে রেখে দুই দেশেই প্রস্তুতি চলছে।
পরিকল্পনা অনুযায়ী সফরটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের রাজনৈতিক প্রেক্ষাপটেও পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগের লক্ষণও সাম্প্রতিক সময়ে দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।
এরপর গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে দুই দেশের সম্পর্কের পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়েও ঢাকা-দিল্লির মধ্যে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সফরের তারিখ ও আনুষ্ঠানিক কর্মসূচি এখনো চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি