প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ৪২)

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। ক্রীড়া সংগঠক হিসেবে তিনি দেশের ক্রিকেটাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওয়ান-ইলেভেনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য প্রথমে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় অবস্থান করেন।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। দুই দিন পর তার মরদেহ দেশে আনা হয়। ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া, কোরআন খতম ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর তার ৫৬তম জন্মবার্ষিকীতেও বনানী কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হয়েছিল।
মৃত্যুর এক দশক পেরিয়ে গেলেও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছেন।