প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম (ভিজিট : ১১৭)

নায়করাজ রাজ্জাক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নায়করাজ রাজ্জাককে হারানোর আজ নয় বছর পূর্ণ হলো। ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই বরেণ্য অভিনেতা। তাঁর মৃত্যুতে ঢাকাই চলচ্চিত্রে নেমে এসেছিল শোকের ছায়া।
রাজ্জাক শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের একটি যুগের প্রতীক। ষাটের দশক থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি তাঁকে দর্শকের কাছে ‘নায়করাজ’ উপাধিতে প্রতিষ্ঠিত করে।
জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন রাজ্জাক। ‘জীবন থেকে নেয়া’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘অনন্ত প্রেম’, ‘আলোর মিছিল’, ‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য সিনেমায় তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর হাত ধরে চলচ্চিত্রে উঠে এসেছেন অনেক শিল্পী ও নির্মাতা। বাংলা চলচ্চিত্রের বিকাশে তাঁর অবদান তাই অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত।
রাজ্জাকের চলে যাওয়ার নয় বছর পরও তাঁর অভিনীত সিনেমা, সংলাপ ও চরিত্র দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছেও তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।
নায়করাজ নেই, কিন্তু তাঁর সৃষ্টিশীল কর্ম ও অনন্য অভিনয় তাঁকে বাঁচিয়ে রেখেছে কোটি দর্শকের হৃদয়ে। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে, ততদিন শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হবে নায়করাজ রাজ্জাককে।