প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৫৮ পিএম (ভিজিট : ১০২)

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থ ফোন পেয়েছেন। দলের চেয়ারম্যান নিজেই তাকে এ তথ্য জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তখন তিনি নিশ্চিত ছিলেন না।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, পার্থ ছাড়াও নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তাদের মধ্যে ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।
এদিকে, বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রিসভার নতুন দায়িত্ব বণ্টন ও পরিবর্তনগুলো শপথ অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।