প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি সরকারি প্রজ্ঞাপনে নিশ্চিত হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৩৪৩টি।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম এবং ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ী গ্রামের উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ সময় পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।