প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১২:২৩ এএম (ভিজিট : ৩৮)

প্রতীকী ছবি
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসে বাজার করা নিয়ে বাকবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার আলী হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় লিখন নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার ও লিখন ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে একই সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মেসের বাজার করা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় কাউসার আলী লিখনকে থাপ্পড় দিলে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের শরীরে আঘাত করেন।
ঘটনার পর দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন। আহত লিখনেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখনকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।