| শিরোনাম: |

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ। শনিবার ঢাকা ছাড়বেন তিনি। এরপর রবিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেবেন।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, স্বপ্ন ও লক্ষ্য নিয়ে কথা বলেন সামানজার। তিনি জানান, বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।
সামানজার বলেন, “আমি চাই, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস হারিয়ে না ফেলি। এতদিনে যা শিখেছি, যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। দেশের নাম উজ্জ্বল করাই আমার মূল উদ্দেশ্য।”
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা সামানজার মূলত কৌতূহল থেকেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন। তবে প্রথমবার অংশ নিয়েই বিজয়ীর মুকুট জিতে সবার নজর কাড়েন তিনি।
মুকুট জয়ের পর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ব্যক্তিত্ব বিকাশ, উপস্থাপনা দক্ষতা এবং বিভিন্ন বিষয়ে নিবিড় গ্রুমিংয়ের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেছেন বলেও জানান তিনি। তার বিশ্বাস, এই প্রস্তুতি বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করতে সহায়ক হবে।
ছোটবেলা থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী সামানজার। টানা চার বছর কত্থক ও ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে কিছুদিন এসব থেকে দূরে থাকলেও এখন আবার নিজের সৃজনশীল আগ্রহে ফিরতে চান। পাশাপাশি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। বিদায়ী বিজয়ী আকলিমা আতিকা কনিকার কাছ থেকে তিনি মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।
আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যয় নিয়েই বিশ্বমঞ্চে নামছেন সামানজার সাঈদ।