প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম (ভিজিট : ১১৫)

তমা মির্জা
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স) পদে দায়িত্ব নিয়েছেন তিনি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন মাস ধরে ব্যাংকটিতে দায়িত্ব পালন করছেন তমা মির্জা। নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টি তিনি নিজেও জানিয়েছেন। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্যাংকটির ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজ করছেন তিনি।
তবে ব্যাংকের চাকরিতে যোগ দিলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। তিনি জানিয়েছেন, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের বিষয়ে আন্তরিক হওয়ায় দুই পেশাই চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।
তমা জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন। অভিনয়ের পাশাপাশি জীবনের অন্য ক্ষেত্রগুলোও নতুনভাবে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। এছাড়া ওটিটিতেও তার অভিনীত বেশ কয়েকটি কাজ দর্শকদের প্রশংসা পেয়েছে। সামনে ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে তাকে দেখা যাওয়ার কথা রয়েছে।
অভিনয় ও ব্যাংকিং দুই পেশাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে তমা মির্জার ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।