বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস   জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করে রাষ্ট্র গড়তে চায় বিএনপি   হেডিংলি টেস্ট: রবিনসন-টাংয়ের পেসে বিধ্বস্ত পাকিস্তান   ডপলার রিসার্চের জরিপ: তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ   এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট   বেসরকারি প্রাথমিক ও ইংরেজিমাধ্যম স্কুল আসছে সরকারি তদারকিতে   বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট   
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:১৬ এএম   (ভিজিট : ৭৭)

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।

বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল তার দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

এ সময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বঙ্গভবনে দায়িত্ব পালনে গেলে দীর্ঘদিনের সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। তার বক্তব্যের সময় সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, স্থানীয় পর্যায়ে তৃণমূলের সঙ্গে সংসদ সদস্যদের দূরত্ব যেন তৈরি না হয় এবং দল-সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সংসদীয় দলের এই বৈঠকে একদিকে মির্জা ফখরুলের আবেগঘন বিদায়ী বক্তব্য, অন্যদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দুই বিষয়ই আলোচনায় আসে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]