প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১০:১১ পিএম (ভিজিট : ৮৩)

হোটেলটির সর্বশেষ অবস্থা
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা হোটেলে আগুন লাগে। রাত প্রায় ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ও ঘন ধোঁয়া হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হোটেলের ভেতর থেকে কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে।
হোটেলটিতে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিক ও তাদের স্বজনেরা অবস্থান করছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ তৈরি হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর কলকাতা প্রশাসন তদন্ত শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন।
এদিকে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং কারও গাফিলতি ছিল কি না, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।