প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার সাংবাদিকতা সহজ ও স্বাধীন করতে চায়। তবে ইচ্ছা করলেই কেউ অনলাইন পোর্টাল খুলতে পারবেন না। এ ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সরকার সাংবাদিকতা আরও সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই একটি অনলাইন পোর্টাল খুলে কার্যক্রম শুরু করতে পারবেন না। নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে, কিন্তু নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।
এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ এখন শুধু ফেসবুকেই আছে, অন্য কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে দলটি দেশে অবস্থানরত পলাতক নন—এমন নেতাকর্মীদেরও বিপদের মুখে ফেলছে। তারা অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবাধ তথ্যপ্রবাহ এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। ভবিষ্যতেও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
তথ্য অধিকার আইনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অংশ নেন।