
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মাত্র আধা ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন কাটাবন-শাহবাগ সড়কের পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২০ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে রাত ১০টা ১৮ মিনিটের দিকে প্রশাসন গেটটি খুলে দেয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে গিয়ে অবস্থান নেন তাঁরা। বিক্ষোভে জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদদীন হল ও মাস্টারদা সূর্য সেন হলসহ আশপাশের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আক্তারুজ্জামান এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীবের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের দাবির মুখে গেটের তালা খুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, হলপাড়াসহ আশপাশের কয়েকটি আবাসিক হলের হাজারো শিক্ষার্থীর যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই পকেট গেট। আগে কাটাবন, আজিজ সুপার মার্কেট ও শাহবাগ থেকে আসা যানবাহনগুলো সরাসরি গেটের সামনে শিক্ষার্থীদের নামিয়ে দিতে পারত। কিন্তু গেটটি বন্ধ থাকায় শাহবাগ মোড় ঘুরে কেন্দ্রীয় মসজিদ, কলাভবন ও মল চত্বর হয়ে এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে হলে ফিরতে হতো।
এতে টিউশনি, জরুরি ওষুধ কিংবা খাবার সংগ্রহের জন্য যাতায়াতে প্রতিবার অতিরিক্ত ৬০ থেকে ৮০ টাকা রিকশাভাড়া গুনতে হতো। পাশাপাশি হেঁটে চলাচলে আধা ঘণ্টারও বেশি সময় ব্যয় হতো বলে জানান তাঁরা।
আন্দোলন শেষে জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম বলেন, প্রশাসন শিক্ষার্থীদের তিনটি বিষয়ে আশ্বাস দিয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে পকেট গেটে স্থায়ীভাবে একজন প্রহরী নিয়োগ, শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলে এমন সিদ্ধান্ত না নেওয়া এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া।
তিনি আরও বলেন, প্রশাসনের ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। সচেতনভাবে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই শিক্ষার্থীদের শোষণ করতে পারবে না। আজকের আন্দোলনের সফলতা সম্পূর্ণ শিক্ষার্থীদের। পুরো কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা হট্টগোল হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার কারণ দেখিয়ে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।