বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ১১০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরের কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

এর আগে সোমবার প্রায় ৯ ঘণ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন একদল কর্মকর্তা-কর্মচারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন তাঁরা।

সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাঁদের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা পোস্টকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এর আগে নিজের ফেসবুক পোস্টে উপাচার্য লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে তাঁর প্রশাসন কোনো সিদ্ধান্ত নেবে না। আদালতের রায় অনুযায়ী যা করার, তা করা হয়েছে। বাকি বিষয়ে সরকারের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতেও কোনো চাপের কাছে মাথা নত করেননি, ভবিষ্যতেও করবেন না। বিশ্ববিদ্যালয়ের সংস্কারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তাঁকে কাজ করার সুযোগ দিতে হবে। অবরুদ্ধ করে বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও চাকরিচ্যুতির সময়ের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আদালতের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা। অর্থাৎ এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও বেতন পাওয়ার সুযোগ নেই।

এ কারণে আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনগত ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতি নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশঙ্কা, আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এতে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিষ্পত্তিতে আইন ও বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এর আগে রোববার আন্দোলনকারীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের আন্দোলনের মধ্যেই রাতে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]