বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগে মাঠে ভারতীয় হাইকমিশনার, ব্যাট-বলেও মাতলেন   ১৯ বছরের আইপিএল অধ্যায়ের ইতি, নতুন ভূমিকায় ধোনি   বাংলাদেশের পোশাক-ওষুধ আমদানি বাড়ানো ও দক্ষ কর্মী নিয়োগে চার দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান   ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন কারাদণ্ড   উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য   গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার   প্রণোদনার সারবীজ ও কৃষি উপকরণ বিতরণ    
৯ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ এএম   (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে প্রায় ৯ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন একদল কর্মকর্তা-কর্মচারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তারা।

সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, প্রায় ৯ ঘণ্টা ধরে তিনি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ বিষয়ে তার আলাদা কোনো বক্তব্য নেই। আইনবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। তবে এ পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কা নেই বলে জানান তিনি।

এর আগে নিজের ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে তার প্রশাসন কোনো কাজ করবে না। আদালতের রায় অনুযায়ী যা করার, তা করা হয়েছে। বাকি বিষয়ে সরকার নির্দেশনা দিলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও লেখেন, অতীতেও কোনো চাপের কাছে মাথা নত করেননি, এখনও করবেন না। বিশ্ববিদ্যালয়ের সংস্কারের প্রয়োজন রয়েছে এবং এ লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সুযোগ পেলে সেসব উদ্যোগ বাস্তবায়ন করবেন। তবে কথাবার্তা, গল্প সাজানো কিংবা অবরুদ্ধ করে কোনো লাভ হবে না। ৯ ঘণ্টা নয়, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো ফল হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও চাকরিচ্যুতির সময়ের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতির সুবিধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা নেই।

আদালতের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করতে হবে। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও বেতন পাওয়ার সুযোগ নেই। ফলে আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনগত ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশঙ্কা, আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এতে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি হতে পারে। এ কারণে বিষয়টি নিষ্পত্তিতে আইন ও বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এদিকে সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাদের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

এর আগে রোববার উপাচার্যের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]