প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের ঘটনা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর বেশ কয়েকজন পদ্মা সেতু এলাকায় এসে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এখনো ঘটনার বিস্তারিত তদন্ত করা হয়নি। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক জাজিরার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়সংলগ্ন এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। অন্যদিকে, তাঁদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল নিক্ষেপ চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
এ সময় ঘটনাস্থলে বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।
সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০) নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার বাসিন্দা।
এ ছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত নিজামউদ্দিন মৃধা (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, তিনি দলটির একজন কর্মী ছিলেন।