রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
‘১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে’: স্পিকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ১১৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান সফরে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর দাবি, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যেই কাজ করেছে।

গত বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। তাঁর বক্তব্য উদ্ধৃত করে বিবিসি উর্দু জানায়, ১৯৭১ সালে ভারত বাঙালিদের পাশে দাঁড়ানোর পরিবর্তে পাকিস্তানকে দুর্বল করার চেষ্টা করেছিল।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালে বাঙালিরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছিল। কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে ১৯৭৫ সালে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালুর বিষয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, ওই সময়ে বাংলাদেশ কার্যত ভারতের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল। এতে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও কঠোর মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে পাঠানো হবে। তাঁর দেশে ফেরার বক্তব্যকে সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা হিসেবে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন, আগামী অন্তত ১০ বছরের মধ্যে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

ভারতে আশ্রয় নেওয়ার বিষয়েও শেখ হাসিনার সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, হাসিনা এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন, যে দেশকে তিনি মুসলমানদের প্রতি বৈরী হিসেবে বিবেচনা করেন।

বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এ প্রসঙ্গে স্পিকার বলেন, ভারত তাঁকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য আইনি ভিত্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, ভারত জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্ট অস্থিরতা নিয়েও কথা বলেন তিনি।

এ সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থানের প্রতি সমর্থন জানান স্পিকার। তাঁর মতে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে ঢাকা ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে দেশের ফুটবল সমর্থকদের কথাও তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর দাবি, ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচে গ্যালারিতে উপস্থিত প্রায় সবাই পাকিস্তানকে সমর্থন করেছিলেন।

স্পিকার বলেন, ‘স্টেডিয়ামের ৯৯ দশমিক ৯ শতাংশ দর্শক পাকিস্তানের পক্ষে হাততালি দিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান হেরে গেছে। তবে বিজয়ী দলও মানুষের হৃদয় জয় করেছে।’

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে ভারত।

হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৬৮ সালে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন হাফিজ উদ্দিন আহমেদ।

তাঁর এই সফর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যকার আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]