প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি
২০২৭ সালের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে (ডব্লিউজিএস) অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যৎ সরকার গঠন)।
আমিরাতের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন। একই সঙ্গে মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারি ব্যবস্থাপনায় উদ্ভাবনী ও কার্যকর পদ্ধতি অনুসন্ধান এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০-এর বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বিশ্বজুড়ে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের উপস্থিতিতে সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়।
সম্মেলনে বৈশ্বিক অগ্রগতি, অভিন্ন লক্ষ্য নির্ধারণ এবং বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও কার্যকর কৌশল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।