প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ৯৯)

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ইব্রাহিম সিপাহী নামে একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও প্রাথমিকভাবে পুলিশ মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় লকডাউন কর্মসূচি পালনের অংশ হিসেবে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এদিকে অবরোধ ও সংঘর্ষের পরিস্থিতি মোকাবিলায় সেখানে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে নিরাপদ স্থানে সরে যান বলে জানা গেছে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়া ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের স্বরসন্ধি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
ইব্রাহিম সিপাহীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি তাঁর মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে নেওয়ার খবরও পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনায় আহত ও মৃত্যুর খবরের বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য তাঁর কাছে নেই।