রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী   নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা   লকডাউন কর্মসূচি ঘিরে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৮   রাজনীতির নামে সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি   পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তর্দ্বন্দ্বের জেরে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী   বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করতে ভারতের চেষ্টা অব্যাহত: রিজভী   
ইসির সংলাপে এককভাবে যাচ্ছে না জামায়াত, জোটগত আলোচনার দাবি ১১ দলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক মতবিনিময়ে অংশগ্রহণের ধরন নিয়ে ১১ দলীয় ঐক্যের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে সংলাপে অংশ নিতে রাজি নয়। দলটি ১১ শরিককে নিয়ে জোটগতভাবে আলোচনায় বসতে চায়। এ জন্য নির্ধারিত সূচির বাইরে পৃথক সময় চেয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। ফলে রোববারের নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না দলটি।

অন্যদিকে, জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে সংলাপে অংশ নিতে প্রস্তুত। তবে জোটগতভাবে আলোচনার সুযোগ তৈরি হলে তাতেও তাদের আপত্তি নেই। অর্থাৎ জামায়াত যেখানে জোটের সম্মিলিত অবস্থান তুলে ধরতে আগ্রহী, সেখানে এনসিপি দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেদের বক্তব্য উপস্থাপনের পক্ষেও অবস্থান নিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রোববার ইসির সংলাপে জামায়াত অংশ নিচ্ছে না। বিষয়টি কমিশনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। জোটগতভাবে আলোচনায় অংশ নিতে পৃথক সময় চাওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একসঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। জোটের সব শরিককে নিয়ে আলোচনার জন্য পৃথক সময় বরাদ্দের অনুরোধ জানিয়েছে জামায়াত।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে ১১ দল একসঙ্গে মতবিনিময়ে অংশ নিতে চায়। এ বিষয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিবকে অবহিত করা হয়েছে।

জামায়াত নেতাদের মতে, ১১ দলীয় ঐক্যের শরিকদের মধ্যে নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে অভিন্ন অবস্থান রয়েছে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় পৃথকভাবে বক্তব্য দেওয়ার পরিবর্তে সম্মিলিতভাবে দাবি ও প্রস্তাব তুলে ধরলে জোটের অবস্থান আরও স্পষ্ট হবে।

বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের করণীয়, নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে অভিন্ন প্রস্তাব উপস্থাপন করতে চায় জোটটি। এ কারণে কমিশনের নির্ধারিত সূচিতে এককভাবে আলোচনায় বসতে আগ্রহী নয় জামায়াত।

গত শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ছাড়া অন্য শরিক দলগুলো জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে মত দেয়। এনসিপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানানোর কথা বলা হয়।

জামায়াতের অবস্থানের বিপরীতে এনসিপি এককভাবে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর দলটিকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে কমিশন। নির্ধারিত দিনেই একটি প্রতিনিধিদল নিয়ে ইসিতে যাওয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, আগামী ১ ডিসেম্বর ইসির সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সে অনুযায়ী দলের একটি প্রতিনিধিদল কমিশনে যাবে।

জোটগতভাবে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, জামায়াত কমিশনকে জোটগতভাবে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে। নির্বাচন কমিশন এ প্রস্তাবে সম্মতি দিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিলে এনসিপির কোনো আপত্তি নেই।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এ সময়ে পর্যায়ক্রমে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন রোববার জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। শেষ দিনের আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে এনসিপি ও এবি পার্টিও রয়েছে।

জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ দলীয় ঐক্যের সঙ্গে জোটগত আলোচনার জন্য নির্বাচন কমিশন পৃথক সময় বরাদ্দ দেয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]