প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ৯৭)

সংগৃহীত ছবি
আজ রোববার (২৯ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ও বীরত্বগাথা ধরে রাখতে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় নির্মাণ করা হয়েছে ‘বাংলার ঈগল’ স্মারক ভাস্কর্য। এ ছাড়া তাঁর স্মরণে বিভিন্ন সড়ক ও গ্রামের নামকরণ করা হয়েছে। ২০০৮ সালে তাঁর জন্মস্থান রামনগরে, বর্তমানে যা বীরশ্রেষ্ঠ মতিউর নগর নামে পরিচিত, প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।
জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও স্থানীয়দের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মারক ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মাহফিল।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ভৈরবে এসে মুক্তিকামী যুবকদের সংগঠিত করেন। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্তানের করাচির মাসরুর বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণার্থী পাইলট রশিদ মিনহাজের কাছ থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে মুক্তাঞ্চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩৫ মাইল দূরে পাকিস্তানের থাট্টা এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে শহীদ হন মতিউর রহমান।
১৯৪১ সালের ২৯ নভেম্বর ঢাকার আগাসাদেক রোডে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। ঢাকার কলেজিয়েট স্কুলে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। পরে পাকিস্তানের সারগোদা এয়ার ফোর্স পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৬১ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন তিনি।
১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। এরপর করাচির মৌরিপুর, বর্তমানে মাসরুর বিমানঘাঁটির ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের রানি ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে আয়োজিত বিমান মহড়ায় অংশ নেওয়া একমাত্র বাঙালি পাইলট ছিলেন তিনি।
শহীদ হওয়ার পর পাকিস্তান সরকার তাঁর মরদেহ করাচির মাসরুর বিমানঘাঁটির চতুর্থ শ্রেণির কবরস্থানে দাফন করে। দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তাঁর দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পরদিন, ২৫ জুন, রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে পুনরায় সমাহিত করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্ব ও আত্মত্যাগ আজও জাতির গৌরব এবং অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।