রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ফুটবল ‘বিশ্বকাপ’   ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   
মায়ের কারাবাসের মধ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মৃত্যু, কারাফটকে শেষ দেখা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১৯৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার শারমিন সুলতানা শর্মীর (৪৪) বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর পর মায়ের প্যারোলে মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি বলে দাবি করেছেন স্বজনরা। পরে মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর নারী কারাগারে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, ছেলের মরদেহ নিয়ে তিনি কাশিমপুর নারী কারাগারের উদ্দেশে রওনা হয়েছেন।

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শারমিন সুলতানার ছেলের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে প্রায় দুই মিনিটের জন্য শিশুটির মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছিলেন, তার বিশেষ চাহিদাসম্পন্ন একটি সন্তান রয়েছে। শিশুটিকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং বাবা-মা ছাড়া তার দেখাশোনার মতো কেউ নেই। আদালতে তার কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার দাবিও ওঠে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহাদাৎ হোসেন এর আগে জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন শাহাদাৎ হোসেন। কান্নার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।’

তিনি জানান, শনিবার আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]