রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে আয়োজিত এ মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁদের স্বাগত জানান।

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকেরা তাঁকে স্বাগত জানান। এ সময় তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশ নেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকেরা অংশ নেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে চা চক্রে মিলিত হন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও তাঁদের সহধর্মিণীরা।

এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজধানীর পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস এবং বিভিন্ন ঘাঁটিতেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। এসব স্থানে বিকেল ও সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন ২০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর ‘অনির্বাণ’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। বাংলাদেশ বেতার শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার করে বিশেষ অনুষ্ঠান ‘দুর্বার’। বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়।

পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় বিশেষ ক্রোড়পত্র। সশস্ত্র বাহিনীর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]