প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম (ভিজিট : ৮০)

সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সরকার যত পদক্ষেপই নিক না কেন, বিরোধীরা আন্দোলন থেকে সরে আসবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের* প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভ এবং বিরোধী নেতাদের আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন রাহুল।
ভিডিও বার্তায় তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তিনি। তাদের কর্মকাণ্ড সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে বলে দাবি করেন কংগ্রেস নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সমালোচনা করে রাহুল বলেন, তাঁদের রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
চলমান বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে আটক করা হলেও তাঁরা আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না।
মোদিকে উদ্দেশ করে রাহুল বলেন, “আপনি যা ইচ্ছে করুন। সব নেতাকে আটক করুন, তরুণদের আটক করুন, আমাদের সবাইকে আটক করুন। আমরা আপনাদের ঘিরে ফেলছি, আর পিছু হটব না।”
ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার অঙ্গীকারও করেন তিনি। রাহুল বলেন, গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, তা আর কখনো ঘটতে দেওয়া হবে না।
দেশটির তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাহুল বলেন, তাঁদের নিয়ে তিনি গর্বিত এবং আন্দোলনে তাঁদের পাশে থাকবেন।