প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পিএম (ভিজিট : ৮৩)

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (৭৭) রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক (ইউএনও) এম সাইফুল্লাহ-এর নেতৃত্বে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্যরা, পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পারিবারিক সূত্রে জানা গেছে,বাদ মাগরিব জানাজা নামাজ শেষে মল্লিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম এরশাদ আলীর লাশ দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলীর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।