
সংগৃহীত ছবি
সন্তানের পাপের কারণে মা-বাবাকে কবরে শাস্তি ভোগ করতে হবে কি না, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামের দৃষ্টিতে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শেখানো এবং অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করা মা-বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে যথাযথ দায়িত্ব পালনের পরও সন্তান নিজের ইচ্ছায় পাপ কাজে জড়িয়ে পড়লে তার দায় স্বয়ংক্রিয়ভাবে মা-বাবার ওপর বর্তায় না।
ইসলামে সন্তানকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত ও পরীক্ষার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘জেনে রেখো, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য এক পরীক্ষা। আর মহাপুরস্কার রয়েছে আল্লাহরই কাছে।’ (সুরা আনফাল, আয়াত: ২৮)
সন্তানের ঈমান, আকিদা, চিন্তাভাবনা ও চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক সন্তানই ইসলামের ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। এরপর তার মা-বাবা তাকে ইহুদি, খ্রিষ্টান অথবা অগ্নিপূজক বানায়। (সহিহ বুখারি, হাদিস: ১৩৫৮)
এ কারণে সন্তানকে সঠিক পথে পরিচালিত করা মা-বাবার অন্যতম দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম, আয়াত: ৬)
সন্তানকে ভালো কাজে উৎসাহিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার দায়িত্বও মা-বাবার রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ ভালো কাজের দিকে অন্যকে আহ্বান করলে ওই কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব সে পাবে। অন্যদিকে কেউ কোনো মন্দ কাজের প্রচলন করলে এবং অন্যরা তা অনুসরণ করলে প্রচলনকারী নিজের গুনাহের পাশাপাশি অনুসরণকারীদের সমপরিমাণ গুনাহের অংশীদার হবে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২০৩)
তবে মা-বাবা যদি সন্তানকে যথাযথ ইসলামি শিক্ষা দেন, পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেন এবং ভুল পথ থেকে ফিরে আসার উপদেশ দেন, এরপরও সন্তান নিজের ইচ্ছায় গুনাহে লিপ্ত হয়, তাহলে সেই গুনাহের দায় মা-বাবার ওপর বর্তাবে না। কারণ ইসলামের মূলনীতি অনুযায়ী, প্রত্যেক মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী।
এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের জবাবে বলেন, মা-বাবার মৃত্যুর পর সন্তান খারাপ কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সন্তানের ওপরই বর্তাবে, মা-বাবার ওপর নয়। সন্তানের অপরাধের জন্য মা-বাবাকে দোষারোপ করা কিংবা গালমন্দ করাও সমীচীন নয়।
তবে মা-বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তাকে সংশোধনের কোনো চেষ্টা না করলে বিষয়টি ভিন্ন হতে পারে। শায়খ আহমাদুল্লাহর বক্তব্য অনুযায়ী, মা-বাবা সন্তানের ভুল সম্পর্কে অবগত থাকার পরও তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা না করলে কিংবা এ বিষয়ে প্রয়োজনীয় উপদেশ ও অসিয়ত না করলে তাদেরও কিছু দায় থাকতে পারে।
সুতরাং সন্তানের পাপের জন্য মা-বাবাকে কবরে শাস্তি ভোগ করতে হবে—এমন কোনো সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। সন্তানের প্রতি মা-বাবা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেটিই এখানে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের পরও সন্তান নিজ ইচ্ছায় পাপ করলে তার দায় তার নিজের। অন্যদিকে সন্তান নেক আমল করলে তার জন্য মা-বাবাও সওয়াবের অংশীদার হতে পারেন।