*৬০০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট *মধ্যপ্রাচ্যের দুবাইয়ে প্রথম ফুল রপ্তানি *ইউরোপের বাজারে প্রবেশের অপেক্ষা *কৃত্রিম ফুল আমদানিতে নিষেধাজ্ঞা প্রয়োজন

দেরিতে হলেও শীতের শুষ্ক মৌসুম সমাগত। প্রকৃতিতে শীতের আমেজ বইছে! প্রতিবছরের মতো এবারও লাখো ফুলপ্রেমি পর্যটকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছেন ফুল চাষিরা। ফুলের রাজধানী গদখালী তাই ফুলের মালিদের মনের মাধুরী দিয়ে অপরূপ সৌন্দর্যে সাঁজতে চলেছে। ফুলচাষিরা দেশি-বিদেশি নয়নাভিরাম নানা জাতের মনোমুগ্ধকর ফুলের বীজতলা তৈরি ও চারারোপণের পাশাপাশি নিরলস ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
রজনীগন্ধা,গ্লাডিউলাস,গোলাপ,গাদা,সূর্যমুখী, চন্দ্রমল্লিকা,জারবেরা,টিউলিপ,হাসনাহেনাসহ নাম না জানা,আরো কতশত ফুল! ফুলের রাজ্যে এ যেন ফুলেদের অপরূপ সৌন্দর্য মেলে ধরার প্রতিযোগিতা!
পানিসারা,নীলকন্ঠ নগর,হাড়িয়া,বর্ণী,চাপাতলা,নারাঙ্লী,টাউরা, নির্বাসখোলা,শিওরদাহ,বাউসা,গদখালি,নাভারন এলাকা ঘুরে ফুল চাষীদের কর্মযজ্ঞ চোখে পড়েছে।
দারুন সময় ব্যস্ত করছেন তারা। এবারের ফুল মৌসুমে আর্থিকভাবে লাভের প্রত্যাশা নিয়ে দিনরাত তারা ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত আছেন বলে জানালেন ফুল চাষিরা। এবছর ৫'শকোটি টাকার ফুল উৎপাদন ও বাজারজাতকরণ হবে বলে আশা করছেন ফুল ব্যবসায়ী ও চাষিরা। আশার খবর হলো,এ বছরই প্রথম মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ২৫হাজার রজনীগন্ধা ও জারবেরা ফুল রপ্তানি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইউরোপের বাজারে প্রবেশের অপেক্ষায় আছে আমাদের দেশের ফুল! তবে নানা প্রতিবন্ধকতায় আটকে আছে সেই সম্ভাবনা।
এমন সম্ভাবনা ও আশঙ্কার কথা জানিয়ে ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, ইউরোপের নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে আমাদের দেশের ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। নেদারল্যান্ডসে আমাদের দেশে উৎপাদিত গ্লাডিউলাস ও জারবেরা ফুলের প্রচুর চাহিদা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে মানসম্মত সব রকমের ফুলের চাহিদা রয়েছে। কিন্তু,ফুল আমদানি-রপ্তানির ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নীতিমালা না থাকায় কোন সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। পার্শ্ববর্তী দেশ থেকে প্লাস্টিকের তৈরি 'কৃত্রিম ফুল' আমদানি বন্ধ করাসহ ফুল রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরী। তাছাড়া দেশে উৎপাদিত ফুল রপ্তানির ক্ষেত্রে ইন্সেন্টিভ বা প্রণোদনা ভ্যাট সুবিধা নিশ্চিত করণ,উন্নত প্যাকেজিং,ফ্রিজিং ও হিমায়িত ফ্রিজারে পরিবহন ব্যবস্থা সহজীকরণ সহ ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ,সহজশর্তে ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে অপার সম্ভাবনাময় ফুলসেক্টরকে লাভজনক করা সম্ভব।
তিনি আরো বলেন, গেল বছর নানা কারণে ফুলের প্রত্যাশিত বাজার আমরা পায়নি। ৬০০ কোটি টাকার ফুলবিক্রির টার্গেট ছিল আমাদের। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক বসন্ত দিবস,বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে, মহান স্বাধীনতা দিবস ও বাংলা পহেলা বৈশাখ উপলক্ষে যে পরিমাণ ফুল বিক্রির লক্ষ্য ছিল সেই লক্ষ্য কার্যত পূরণ হয়নি। সবচেয়ে বড় ক্ষতির কারণ, প্লাস্টিকের কৃত্রিম ফুল আমদানি করা। এটি এখনই বন্ধ করা উচিত বলে মনে করেন এই কৃষক নেতা।
ফুল ব্যবসায়ী,মধ্যস্বত্ব ভোগী ও কৃষকেরা প্রত্যাশার কথা জানিয়ে বলেন,আর মাত্র কদিন পরেই দিগন্তজোড়া ফুলের রাজ্যে দেখা মিলবে দেশি-বিদেশি হাজারও ফুলপ্রেমি পর্যটক। ঝিকরগাছা উপজেলা সদর থেকে যশোর-বেনাপোল মহাসড়কে গদখালি বাজার মাত্র তিন কিলোমিটার। এখানে নামলেই-"ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম"। এখান থেকেই আপনি যেতে পারবেন দিগন্তজোড়া ফুলের রাজ্যে!
বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে প্রকৃতির খোলা মাঠের সজিব নিঃশ্বাস আর শতফুলের মোহনীয় অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাই আপনার মত পর্যটকরা ছুটে আসবেন ফুলেররাজ্য গদখালীতে।
বলা বাহুল্য, ফুলেররাজ্য গদখালী শুধু ফুল পর্যটনকেন্দ্র নয়। জাতীয় অর্থনীতির অপার সম্ভাবনার ক্ষেত্র। প্রায় সাড়ে ৫হাজার কৃষিজীবী পরিবার প্রত্যক্ষভাবে বাণিজ্যিক ফুল চাষের সাথে জড়িত। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ফুলচাষ,ক্ষেতমজুর,প্যাকেজিং,পরিবহন,ও ব্যবসার সাথে জড়িত রয়েছেন আরো কয়েক'শ পরিবারের সদস্য ও মধ্যস্বত্ব ভোগী পরিবার। যাদের অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। কেউবা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন ফুলচাষ অবলম্বনে। যাদের একসময় 'নুন আনতে পান্তা ফুরানোর' অবস্থা ছিল!
এদের অনেকেই আছেন নারী উদ্যোক্তা-অদম্য সাহসী সফল ফুলচাষী! কোটিপতি বনে যাওয়া আনোয়ারা বেগম হতে পারেন তাদেরই একজন উজ্জ্বল দৃষ্টান্ত। এমনটাই আশা করছে উপজেলা প্রশাসন,উপজেলা কৃষি বিভাগ,ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ ভ্রমণ নিশ্চিত করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক,কৃষক সংগঠন ও সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।