প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম (ভিজিট : ১২৬)

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। তাঁর পুনর্নির্বাচনের খবরে জন্মস্থান বাজিতপুরে আনন্দের আবহ তৈরি হয়েছে।
জর্জিয়া স্টেট সিনেটের নির্বাচনি ফলাফল অনুযায়ী, সাধারণ নির্বাচনে ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রাথমিক ফলাফলে তাঁর নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পেয়েছিলেন ৫ হাজার ১৬৬ ভোট।
২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান। এরপর থেকে স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।
শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই। তাঁর ভাই বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
শেখ রহমানের পুনর্নির্বাচনের খবরে জন্মস্থান বাজিতপুরের স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা তাঁকে এলাকার গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করেন।
শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান জানান, জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় তাঁর পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এ অর্জনের পথ ছিল কঠিন ও চ্যালেঞ্জিং। তবে শেখ রহমান সফলভাবে সেই পথ পাড়ি দিচ্ছেন। ভবিষ্যতে তিনি আরও বড় পদে উন্নীত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা তাঁদের।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ মুজাহিদুর রহমান।