প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:২৪ পিএম (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি
২০২৭ সালে বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ১৬ দলের এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
টুর্নামেন্টের ১৬ দিনে দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে ১২টি করে ম্যাচ। নেপালের কীর্তিপুরে সাতটি এবং মুলপানিতে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। ম্যাচগুলো স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।
চারটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নেবে দলগুলো। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটে সকাল ৯টা ৩০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। নেপালের মুলপানি মাঠে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ইংল্যান্ড খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৩ জানুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৬ জানুয়ারি শেষ হবে প্রথম পর্বের খেলা।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল জায়গা করে নেবে সুপার সিক্সে। এ ও ডি গ্রুপের ছয়টি দল নিয়ে গঠিত হবে সুপার সিক্সের প্রথম গ্রুপ। অন্যদিকে বি ও সি গ্রুপের ছয়টি দল খেলবে দ্বিতীয় গ্রুপে। এই পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এ ম্যাচগুলোর জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ৭ ফেব্রুয়ারি। নকআউট পর্বের ম্যাচ ছাড়া অন্য কোনো খেলায় থাকছে না অতিরিক্ত দিনের ব্যবস্থা।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারতীয় মেয়েরা। আগের দুই আসরেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ, তবে এখন পর্যন্ত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটি। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাবে বাংলাদেশের যুবারা।