প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৫৪ এএম (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি
ঝিনাইদহ কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় হাবিব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাবিব যশোর কোতোয়ালি থানার আরাপপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। আহত সুমনও একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গভীর রাতে বাদুরগাছা গ্রামে দুই ব্যক্তিকে গরু চোর সন্দেহে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ওপর গণপিটুনি দেন। এতে হাবিব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তি সুমনও গুরুতর আহত হন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিহত হাবিবের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত সুমনকে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়।
তবে আটক দুই ব্যক্তি গরু চুরির সঙ্গে আদৌ জড়িত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের পরই এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, চুরি প্রতিরোধ করতে গিয়ে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তবে চোর সন্দেহে কাউকে আটক করে গণপিটুনি দেওয়া কোনোভাবেই আইনসম্মত নয় বলে স্থানীয়রা মনে করছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।