প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:৩৯ এএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি পুনরায় চালু করা হয়।
পেট্রোবাংলার চেয়ারম্যান আবদুল মান্নান জানিয়েছেন, চালুর পর প্রাথমিকভাবে টার্মিনালটি থেকে ঘণ্টায় প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে দুই এলএনজি টার্মিনাল মিলিয়ে আমদানি করা গ্যাসের সরবরাহ বেড়ে প্রায় ৬৮৬ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, এক্সিলারেট টার্মিনালের জন্য নতুন একটি এলএনজি কার্গো রোববার (২৩ আগস্ট) আসার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ের এক দিন আগেই শনিবার দেশে পৌঁছে যায়। কার্গো পৌঁছানোর পরই টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করা হয়।
এর আগে এলএনজি মজুদ শেষ হয়ে যাওয়ায় ১৯ আগস্ট বিকেল থেকে এক্সিলারেটের টার্মিনালটি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যায় এবং দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়।
বর্তমানে মহেশখালীর অপর এলএনজি টার্মিনাল সামিট থেকেও প্রায় ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন কার্গোর এলএনজি পুরোপুরি সিস্টেমে যুক্ত হলে এক্সিলারেট থেকে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার সামগ্রিকভাবে দেশের গ্যাস সরবরাহ প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। তবে দেশের দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ এখনও কম। পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও এলএনজি কার্গো আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।