প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম (ভিজিট : ৩১)

সংগৃহীত ছবি
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহিনীর সন্দেহভাজন সদস্যদের ওপরও কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ সদর দপ্তর।
সম্প্রতি বিরূপ মন্তব্য ও অডিও ফাঁসের ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। গত ২৪ নভেম্বর এএসপি আবুল হোসেন এবং পরদিন আরেক এএসপি রাকিবুল হাসান ও এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন।
এ ছাড়া বাহিনীতে কর্মরত সন্দেহভাজন সদস্যদের বিষয়েও খোঁজখবর রাখছে পুলিশ সদর দপ্তর। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন থেকে চারজন কর্মকর্তাকে আটকের তথ্য জানিয়েছে সংস্থাটি।
চার কর্মকর্তাকে আটকের বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, গুটিকয়েক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছে। অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত তিন থেকে চারজনকে আটক করা হয়েছে।’
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মসূচি ঘিরেও কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কামারুম মুনিরা আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি, ডিসেম্বরকে ঘিরে নানা ধরনের পরিকল্পনার কথা বলা হচ্ছে। এ নিয়ে অনেক রকম গুঞ্জনও রয়েছে। এ পরিস্থিতিতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী সব জেলার ইউনিটগুলোকে অত্যন্ত সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করছে।’
ডিসেম্বরজুড়ে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সদর দপ্তর। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাসহ দেশের সর্বত্র নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।