
সংগৃহীত ছবি
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন এমদাদুল হক, যিনি রূপগঞ্জে ‘দাদা এমদাদ’ নামে পরিচিত। মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, জমি দখল ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত বুধবার রাতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হকের সম্পদ, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
সাবেক মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করা এমদাদুল হকের বিরুদ্ধে ৮৭ কোটি টাকার জমি দখল ও অর্থ পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলা করেছে। ওই মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
২০২৪ সালে কালের কণ্ঠের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমদাদুল হকের সম্পদ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার কথিত প্রভাবের বিস্তারিত তথ্য উঠে আসে। অনুসন্ধানে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও তার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে শুধু শাহজাদপুরেই তার প্রায় শতকোটি টাকার সম্পদ থাকার দাবি করা হয়। রাজধানীতে একাধিক বাড়ি-ফ্ল্যাট, আবাসন ব্যবসায় বিনিয়োগ এবং রূপগঞ্জে ড্রেজার ও বালু ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠে আসে।
৮৭ কোটি টাকার জমি দখলের মামলা
এমদাদুল হকের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপের একটি ছিল ২০২৫ সালের ১১ ডিসেম্বর দায়ের করা মানি লন্ডারিং মামলা। ওই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার সাবেক এপিএস এমদাদুল হকসহ আটজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।
সিআইডির অভিযোগ, প্রতারণা, চাঁদাবাজি ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে ১৬ জনের মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। এসব জমির সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা। রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তোফায়েল আহমেদ আলমাছ, মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, আনছার আলী, আলফাজ উদ্দিন ও দিমন ভূঁইয়া। সিআইডির অনুসন্ধানে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জমি দখল ও ভুয়া দলিল তৈরির অভিযোগ উঠে আসে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে আসামিদের দায় নির্ধারিত হবে।
এপিএসের দায়িত্ব পালনের আড়ালে সম্পদ গড়ার অভিযোগ
কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, এমদাদুল হক সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস হিসেবে এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৬ আগস্টের এক প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা এবং ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়।
ওই গ্রেডের সর্বোচ্চ বেতন ৬৭ হাজার ১০ টাকা ধরে হিসাব করলেও ১৩ বছরে বেতন থেকে তার আয় এক কোটি টাকার কিছু বেশি হওয়ার কথা। অথচ অনুসন্ধানে তার নামে ও বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের উৎস নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন ছিল।
এমদাদুল হকের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দরগাহপাড়া গ্রামে। তার বাবা মন্টু মিয়া। অনুসন্ধানে দরগাহপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে তার প্রায় ৫০ শতাংশ জমির তথ্য পাওয়া যায়। ওই সময় প্রতি শতক জমির দাম অন্তত ২৫ লাখ টাকা হিসাবে এসব জমির মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
শাহজাদপুরের মণিরামপুর বাজারে সাত শতাংশ জমির ওপর ১৪টি দোকান ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা। এর পাশেই চার শতাংশ জমির ওপর প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ভবনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিয়াপুরেও তার ১৪ শতাংশ জমি থাকার তথ্য উঠে আসে।
স্থানীয়দের দাবি, মন্ত্রীর এপিএস হওয়ার পর এমদাদুল হকের সম্পদ ও প্রভাব দ্রুত বাড়তে থাকে। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা কালের কণ্ঠকে জানিয়েছিলেন, তিনি এখন আর লাখ টাকার হিসাব করেন না, কোটি টাকার হিসাব করেন।
রাজধানীতে বাড়ি ও একাধিক ফ্ল্যাট
অনুসন্ধানে রাজধানীর দক্ষিণ বনশ্রী ও বাসাবো এলাকায় এমদাদুল হকের একাধিক বাড়ি ও ফ্ল্যাটের তথ্য পাওয়া যায়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদসংলগ্ন উঁচু দেয়ালঘেরা একটি ভবন এবং একই এলাকার কে ব্লকের ১৩/৩ নম্বর রোডের ৩০/বি-৩০/সি নম্বর বাড়ির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
তার সাবেক তত্ত্বাবধায়ক সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী, বাসাবো এলাকায়ও তার দুটি বাড়ি রয়েছে। এর একটি ১০ তলা, অন্যটি ছয়তলা। অনুসন্ধানী দল উত্তর বাসাবোর ৩৬ নম্বর এলাকায় বেস্ট বেয়ারেক লিভিং অ্যাপার্টমেন্টে তার দুটি ফ্ল্যাট থাকার তথ্য পায়। স্থানীয়দের তথ্যমতে, ওই ভবনের প্রতিটি ফ্ল্যাটের দাম প্রায় দেড় কোটি টাকা।
এ ছাড়া আবাসন ব্যবসায় বিনিয়োগের তথ্যও উঠে আসে। রিমঝিম আবাসনে তার ১৫ শতাংশ শেয়ার থাকার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্প থেকে নামে-বেনামে প্লট নেওয়ার অভিযোগও ছিল।
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের নেটওয়ার্কের অভিযোগ
এমদাদুল হকের বিরুদ্ধে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বড় নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। কালের কণ্ঠের অনুসন্ধানে বলা হয়, তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হতো। এ কাজে তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ ওঠে।
প্রতিবেদনে সূত্রের বরাতে উল্লেখ করা হয়, রূপগঞ্জে প্রায় দেড় লাখ আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। তারাব বেড়িবাঁধ, মোগরাকুল, বরাব, খাদুন, মৈকুলী, খিদিরপুর, নয়াপাড়া, বড়ভিটা ও আরাফাতনগরসহ ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশের বিভিন্ন ভবন ও কারখানায় এসব সংযোগ বিস্তৃত ছিল।
স্থানীয়দের অভিযোগ, প্রতিটি আবাসিক সংযোগের জন্য এককালীন ৩০ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হতো। সংযোগের ধরন ও গ্যাসের চাপ অনুযায়ী কোথাও কোথাও দুই লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। প্রশাসনের অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুনরায় সংযোগ দেওয়ার অভিযোগ করেন বাসিন্দারা।
বালু ব্যবসা, নদী দখল ও চাঁদাবাজির অভিযোগ
সাবেক মন্ত্রীর এপিএস হওয়ার পর রূপগঞ্জের বালু ও ড্রেজার ব্যবসায়ও এমদাদুল হকের প্রভাব বিস্তারের অভিযোগ উঠে আসে। ভোলাব, কুতুবপুর ও মোচারতালুক মৌজায় রিমঝিম আবাসন প্রকল্পে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের তথ্য পাওয়া যায়। এ ছাড়া এশিয়ান ডুপ্লেক্স টাউন, আমেরিকান সিটি ও ইস্টউড সিটিতেও তার ড্রেজার চলার অভিযোগ ছিল।
কালের কণ্ঠের প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, রূপগঞ্জের বিভিন্ন ড্রেজার থেকে বিক্রি হওয়া বালুর মূল্যের পাঁচ শতাংশ তাকে দিতে হতো। শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার সরিয়ে নদীর জমি দখল এবং পরে তা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগও উঠে আসে। মঠের ঘাট, দড়িকান্দি, বানিয়াদি, আতলাশপুর, হাটাব, ইছাখালী, পাড়াগাঁও, চনপাড়া, রূপসী ও গন্ধবপুরসহ বিভিন্ন এলাকায় নদীর তীর দখলের তথ্য ওই অনুসন্ধানে উল্লেখ করা হয়।
রূপগঞ্জে মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। অনুসন্ধানে বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠে আসে। এসব কারবারির কাছ থেকে মাসে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগও প্রকাশিত হয়।
ভুলতা গাউসিয়া এলাকার চার শতাধিক ফুটপাতের দোকান থেকে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। পাশাপাশি বিভিন্ন বাজার, পরিবহন স্ট্যান্ড ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে নিয়মিত অর্থ আদায়ের তথ্যও প্রকাশ করে পত্রিকাটি। চাঁদা না দিলে দোকানপাট ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা।
গ্রেপ্তারের পর আবার আলোচনায় সম্পদ ও প্রভাব
এমদাদুল হকের গ্রেপ্তার, সিআইডির মানি লন্ডারিং মামলা এবং ২০২৪ সালের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা তথ্য মিলিয়ে তার সম্পদ অর্জন ও রূপগঞ্জে কথিত প্রভাবের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়নি। অনুসন্ধানে পাওয়া সম্পদের প্রকৃত উৎস, কথিত ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং জমি দখলের অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখন গুরুত্বপূর্ণ।
ডিবির গ্রেপ্তারের পর সিআইডির প্রায় ৮৭ কোটি টাকার মানি লন্ডারিং মামলার তদন্তে কী অগ্রগতি হয় এবং তার নামে-বেনামে থাকা সম্পদের উৎস অনুসন্ধানে নতুন তথ্য সামনে আসে কি না, তা এখন দেখার বিষয়।