
পর্যটন নগরী কক্সবাজারের ঝাউবন রেস্তোরাঁকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। পচা-বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন, খাবারের উচ্ছিষ্ট ও বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং গাড়ি পার্কিং করতে গিয়ে হয়রানির অভিযোগের মধ্যেই এবার সাংবাদিকদের সঙ্গেও মারমুখী আচরণ, হুমকি-ধমকি ও সাংবাদিক সমাজ সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ হামিদের বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঝাউবন রেস্তোরাঁর পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক শফিক ও সোলাইমানের অভিযোগ, রেস্তোরাঁর নিচের পার্কিং এলাকায় গাড়ি রেখে উপরে খেতে গেলে ম্যানেজার মোহাম্মদ হামিদ অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন, হুমকি-ধমকি দেন এবং সাংবাদিক সমাজ ও তাঁদের পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে গ্রাহক ও সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পার্কিং ব্যবস্থাপনা নিয়ে কোনো নিয়ম বা সীমাবদ্ধতা থাকলে তা শালীন ও পেশাদার আচরণের মাধ্যমে জানানোর সুযোগ রয়েছে। কিন্তু তার পরিবর্তে হুমকি-ধমকি ও মারমুখী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ঘটনার বিষয়ে ঝাউবন রেস্তোরাঁর মালিকপক্ষকে অবহিত করা হলে তাঁরা ম্যানেজার হামিদের এমন আচরণে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানিয়েছেন সাংবাদিক শফিক ও সোলাইমান।
রেস্তোরাঁর খাবারের উচ্ছিষ্ট বের হচ্ছে, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
রেস্তোরাঁটির খাবারের মানের পাশাপাশি খাবারের উচ্ছিষ্ট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ছবিতে দেখা যায়, ঝাউবন রেস্তোরাঁ থেকে বের করা বিপুল পরিমাণ খাবারের উচ্ছিষ্ট একটি ময়লাবাহী ভ্যানে স্তূপ করে রাখা হয়েছে। সেখানে খাবারের অবশিষ্টাংশের সঙ্গে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যও দেখা যায়।
খাবারের উচ্ছিষ্ট এভাবে স্তূপ করে রাখা এবং সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় খোলা অবস্থায় খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকলে দুর্গন্ধ, মাছি-পোকামাকড়ের উপদ্রব এবং জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা থাকলে খাদ্যদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।
প্রশ্ন উঠেছে, যে প্রতিষ্ঠানে প্রতিদিন পর্যটক ও সাধারণ মানুষ খাবার খেতে আসেন, সেই প্রতিষ্ঠানের খাবারের উচ্ছিষ্ট ব্যবস্থাপনা কতটা স্বাস্থ্যসম্মত? রান্নাঘর থেকে খাবার পরিবেশন এবং উচ্ছিষ্ট অপসারণ পর্যন্ত পুরো প্রক্রিয়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে তদন্ত করা জরুরি।
মালিক রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, ম্যানেজারের আচরণ নিয়ে প্রশ্ন
ঝাউবন রেস্তোরাঁর মালিক মোহাম্মদ আলী। একই সঙ্গে তিনি কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। অথচ তাঁর রেস্তোরাঁর ম্যানেজারের বিরুদ্ধে গাড়ি পার্কিং করতে আসা ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি-ধমকি ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে।
একজন দায়িত্বশীল ব্যবসায়ী নেতা ও সমিতির সভাপতির প্রতিষ্ঠানে যদি ম্যানেজারের এমন অপেশাদার আচরণের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ পর্যটক ও গ্রাহকদের নিরাপত্তা, সম্মান এবং সেবার মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
প্রশ্ন হচ্ছে, সভাপতির নিজের প্রতিষ্ঠানের ম্যানেজারের আচরণ নিয়েই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে কক্সবাজারের অন্যান্য রেস্তোরাঁয় পর্যটকরা কতটা ভালো ব্যবহার ও সেবা পাবেন?
এ বিষয়ে কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, “ম্যানেজার হামিদের ‘তোদের মতো কাস্টমার আমার দরকার নেই’—এ ধরনের বক্তব্য অত্যন্ত আক্রমণাত্মক, হুমকিমূলক ও অপেশাদার আচরণের শামিল। কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে ব্যক্তিগত আক্রোশ বা ক্ষোভ গ্রাহকদের ওপর প্রকাশ করার সুযোগ নেই। রেস্তোরাঁয় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির খাবারের মানসহ সার্বিক বিষয়গুলো আমি নিজেই তদারকি করছি।”
ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। এখানে দেশ-বিদেশের পর্যটকরা আসেন। পর্যটন এলাকার কোনো রেস্তোরাঁয় খাবারের মান, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রাহকসেবা ও পার্কিং নিয়ে এমন অভিযোগ পর্যটন নগরীর ভাবমূর্তির জন্যও উদ্বেগজনক।
এ অবস্থায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে ঝাউবন রেস্তোরাঁয় দ্রুত সরেজমিন অভিযান পরিচালনার দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, খাবার সংরক্ষণ, স্বাস্থ্যবিধি, খাবারের উচ্ছিষ্ট ও বর্জ্য অপসারণের পদ্ধতি, পার্কিং ব্যবস্থাপনা এবং গ্রাহকদের সঙ্গে কর্মীদের আচরণ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
প্রশ্ন হচ্ছে, পর্যটন নগরী কক্সবাজারে গ্রাহকরা কি টাকা দিয়ে খাবার কিনতে এসে অপমানিত ও হুমকির শিকার হবেন? একটি প্রতিষ্ঠানের ম্যানেজার কি নিজের ইচ্ছেমতো গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার রাখেন? খাবারের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকির দায় কে নেবে?
শুধু দুঃখ প্রকাশ কিংবা আশ্বাস নয়, ঝাউবন রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। জনস্বার্থে অবিলম্বে অভিযান ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, “রেস্তোরাঁটির সামগ্রিক অভিযোগের বিষয়টি আমি দেখছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”