
সংগৃহীত ছবি
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়ের উৎসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, পোশাকশিল্প ও দেশের অর্থনীতির ক্ষতি করতে চায় এমন একটি গোষ্ঠী শিল্প খাতে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি ও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই গোষ্ঠীর পরিচয়ও বদলে যাচ্ছে।
মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ কখনো কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। একইভাবে বিকেএমইএও নয়। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে বিজিএমইএর নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। যে সরকারই ক্ষমতায় থাকুক, সংগঠনটি তাদের সঙ্গে কাজ করে এবং সহযোগিতা করার চেষ্টা করে।
পোশাকশিল্পে চলমান অস্থিরতার বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে এর আগেই, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, অক্টোবরের আগে শ্রমিকদের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য বা যৌক্তিক নয়।
বিজিএমইএ সভাপতি জানান, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। এরপরও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে মালিকপক্ষকে চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো গোষ্ঠীর ভিন্ন অভিসন্ধিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট সবাই দেশপ্রেমিক এবং আইন মেনে চলতে আগ্রহী। একই সঙ্গে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষেরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।