প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৩ এএম (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ সবার দেশ। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে তাঁরাও একমত। দ্বীনের অনুসারী হিসেবে এ ধরনের অনুষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা তাঁদের নৈতিক দায়িত্ব।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, তাঁর বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বর্তমানে আল্লাহর রহমতে তিনি কিছুটা সুস্থ হয়েছেন। এ সময় বাবার সুস্থতার পাশাপাশি নিজের ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। উপস্থিত সবার জন্যও দোয়া করার কথা জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবুল আলম আল্লামা শাহ জমীর উদ্দীন নানুপুরী (রহ.)-এর ছেলে ও খলিফা পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী দিনে বয়ান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ আহমাদুল্লাহ, আল্লামা গাজী বেলাল উদ্দীন নানুপুরী, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক, আল্লামা আজিজুল হক আল-মাদানী, আল্লামা মুফতি মাহফুজুল হক, আল্লামা মুফতি কুতুবুদ্দীন নানুপুরী, ঢাকার মুফতি রেজাউল করীম আবরার এবং ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা গাজী ইয়াকুব ওসমানী।