সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০২ এএম   (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের দাবি, প্রত্যাশা ও অবস্থান তুলে ধরে আজ বৃহস্পতিবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বিশ্বনেতাদের এ সম্মেলনে তিনি জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, স্থানীয় সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের প্লেনারি অধিবেশন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন।

এর আগে গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে আয়োজিত ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল উল্দ শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

জলবায়ু ন্যায্যতায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর দায়িত্ব এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের অভিজ্ঞতা, গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু অভিঘাত মোকাবিলায় দেশের কার্যক্রমও বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে।

গ্লোবাল সাউথের নেতৃত্বে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ এককভাবে নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে জলবায়ু তহবিল ও অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় গ্লোবাল সাউথের দেশগুলোর নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে বাংলাদেশের।

এরদোগানের সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি খাত এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়েও জোর দেন তিনি।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে বুধবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ফার্স্ট লেডি এমিনে এরদোগানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক

এ ছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]