সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ৭৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ (ট্রান্সফরমেটিভ লিডারশিপ) হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের দেশ বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমানের রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গেও তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাৎ অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনি ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি জানানো হয়।

লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে মেয়র তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা প্রত্যাশা করেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তারেক রহমানের আগের দিনের বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]