প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫০ এএম (ভিজিট : ১৮৩)

সংগৃহীত ছবি
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
গত ৬ নভেম্বর থেকে রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এ লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
ভারপ্রাপ্ত প্রবাসী কল্যাণ সচিব আহমাদুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়াগামী ফ্লাইট শুরু হবে।
এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে। এসব কর্মীর চিকিৎসা পরীক্ষা, বিমানভাড়াসহ বিদেশ যাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে তাঁরাও সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন।