
সংগৃহীত ছবি
প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে কমিয়ে ৬৫ বছর করার প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিচার বিভাগের স্বাধীনতা আরও সুসংহত করতে সংবিধান সংশোধনের মাধ্যমে এ প্রস্তাব উত্থাপন করা যেতে পারে বলে মনে করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান বিচারপতির অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ করা হলে কেমন হয়, তা বিবেচনা করা যেতে পারে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে করে বঙ্গভবনে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে সংবিধানের একটি অনুচ্ছেদ পরিবর্তনকে কেন্দ্র করে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একজনকে প্রধান উপদেষ্টা করার সুযোগ তৈরি করতে প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল।
তিনি বলেন, ইতিহাস একদিন এ সিদ্ধান্তের যথাযথ বিশ্লেষণ ও মূল্যায়ন করবে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর না বাড়ানোই ভালো হতো।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ওই সিদ্ধান্তের সুবিধা বিচার বিভাগ পেলেও পরবর্তী সময়ে অবসরের বয়সসীমা আবার ৬৫ বছরে ফিরিয়ে আনার দাবি ওঠেনি। ভবিষ্যতে তিনি নিজেই এ বিষয়ে প্রস্তাব দেবেন।
তিনি বলেন, সব দায় শুধু বিএনপির ওপর চাপানো হয়। পরবর্তী সময়ে অন্যরাও চাইলে অবসরের বয়সসীমা ৬৫ বছরে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে পারতেন।
১৯৭৯ সালের পঞ্চম সংশোধনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারপতি খায়রুল হক ওই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিলেন। তবে এর মাধ্যমে বিচার বিভাগের জন্য যেসব সুবিধা যুক্ত হয়েছিল, সেগুলোর কোনোটিই বাদ দেওয়া হয়নি। অবসরের বয়সসীমাসহ বিভিন্ন সুবিধা বহাল রাখা হয়েছে।
তিনি আরও বলেন, অবসরের বয়সসীমা ৬৫ বছরে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হলে বর্তমানে দায়িত্বে থাকা এবং যেসব বিচারকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত হয়নি, তাঁদের বিষয়টিও আলোচনায় আসবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা আরও নিশ্চিত করা গেলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব। এ কারণে প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব আনা প্রয়োজন বলে তিনি মনে করেন।