
সংগৃহীত ছবি
দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। নীল সমুদ্র, স্বচ্ছ জলরাশি ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দ্বীপটিতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আগমনে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে বেড়েছে কর্মব্যস্ততা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটননির্ভর দ্বীপটির অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।
সেন্টমার্টিনের নীল জলরাশি, শান্ত সমুদ্র আর দিগন্তজোড়া সৌন্দর্য মুগ্ধ করছে আগত পর্যটকদের। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে উপকূলে ভিড়ছে ডিঙি নৌকা। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই দ্বীপে আসছেন ভ্রমণপ্রেমীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চলতি পর্যটন মৌসুমে একটি জাহাজে করে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পৌঁছান ৮৩০ জন পর্যটক। প্রায় ছয় ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে দ্বীপে পৌঁছে অনেকেই মেতে ওঠেন প্রকৃতির সৌন্দর্য উপভোগে। কারও কাছে এটি জীবনের প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা, আবার কারও কাছে নীল জলরাশির মাঝে আনন্দঘন সময় কাটানোর সুযোগ।
প্রথমবার সমুদ্র দেখতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটক তামান্না রহমান। তিনি বলেন, আগে কখনো সমুদ্র দেখা হয়নি। জীবনে প্রথমবার সমুদ্র দেখতে এসে সেন্টমার্টিনের মতো সুন্দর জায়গায় পৌঁছাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। দ্বীপে এসে ফুল উপহার পাওয়ায় তার আনন্দ আরও বেড়েছে।
পর্যটক ফারাহ খানম বলেন, সেন্টমার্টিনের নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য অসাধারণ। এখানকার সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে তিনি অনেক ছবি তুলতে চান।
সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ আরেক পর্যটক হাবিব উল্লাহ জানান, এত কাছ থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তা আগে কল্পনাও করেননি। তবে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে পর্যটকদের আগমনে দ্বীপের বাজার ও পর্যটনকেন্দ্রিক এলাকাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। দীর্ঘ ১০ মাস পর্যটক না থাকায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকানপাট ও পরিবহন খাতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করেছে। হোটেলকর্মী, ইজিবাইকচালক, দোকানি থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের ব্যস্ততা বেড়েছে।
দ্বীপের হোটেল ব্যবসায়ী আলী হোসেন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকদের আগমনে সেন্টমার্টিন আবারও প্রাণ ফিরে পেয়েছে। এতে ব্যবসায়িক ব্যস্ততা বেড়েছে এবং নতুন করে আশার সঞ্চার হয়েছে।
ইজিবাইকচালক রফিক বলেন, পর্যটকদের আগমন বাড়লে তাদের কাজের সুযোগ ও আয়ও বাড়বে। দীর্ঘদিন পর পর্যটন কার্যক্রম শুরু হওয়ায় তারা আশাবাদী।
অন্যদিকে পর্যটকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ব্যবসায়ী শাহাবউদ্দিন জানান, খাবারের মান বজায় রাখার পাশাপাশি সুলভ মূল্যে ভালো খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন।
পর্যটকদের হয়রানিমুক্ত ভ্রমণ ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সেন্টমার্টিন দ্বীপের হোটেল-রিসোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেফায়েত উল্লাহ বলেন, পর্যটকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং নির্বিঘ্নে দ্বীপে চলাচল করতে পারেন, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে পুলিশ ও কোস্টগার্ড। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরওয়ার উদ্দিন জানান, পর্যটকদের নিরাপত্তা ও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বলেন, দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড কাজ করছে। পর্যটকবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উচ্চগতিসম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। যাত্রাপথে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত সহায়তা দিতে কোস্টগার্ডের জাহাজ ও বোট প্রস্তুত রয়েছে।
প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিন দ্বীপে বসবাস করেন ১১ হাজারের বেশি মানুষ। তাদের একটি বড় অংশের জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। ফলে পর্যটকদের ফিরে আসা স্থানীয়দের জন্য অর্থনৈতিক স্বস্তি বয়ে এনেছে। তবে পর্যটন কার্যক্রমের প্রসারের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় মানুষের জীবিকা, পর্যটন এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।