প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ১১২)

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের উল্লেখযোগ্য পণ্য রপ্তানি, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং জাতীয় বিমান সংস্থার জন্য এয়ারবাস কেনার চুক্তির বিষয়গুলো উঠে আসে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে একমত হন দুই মন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে প্রায় ১০ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের অব্যাহত মানবিক সহায়তা বজায় রাখার আশ্বাস দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।