সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: ফ্যামিলি কার্ডের জন্য হলিধানি ইউনিয়নে বাড়ি বাড়ি খানা জরিপ   গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ১১৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও তরুণী নিশাত তাসনিম দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ। চার দিনের রিমান্ডে থাকা এই দুজনকে হেফাজতে রেখে তাঁদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

নৌপুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার জানান, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে দীপ ও দিশার বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। তাঁদের দেওয়া তথ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বন্ধু দীপের সঙ্গে মোটরসাইকেলে বের হন তাহসিফ সাউরি। পরে দিশাকে সঙ্গে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান তিনি। দীপও তাঁদের সঙ্গে ছিলেন।

বারে অবস্থানকালে তাহসিফের সঙ্গে দিশার কিছুটা মনোমালিন্য হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রায় এক ঘণ্টা পর বার থেকে বেরিয়ে তাহসিফ নিজেই মোটরসাইকেলে দিশাকে তাঁর বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। বারে কী ঘটেছিল এবং এরপর তাঁদের গতিবিধি কেমন ছিল, তা নিশ্চিত হতে দীপ ও দিশার বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে।

ঘটনার রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিয়েছেন দীপ। তাঁর দাবি, ওই এলাকায় পুলিশের পোশাক পরা দুজন সদস্যকে দেখে তাঁরা ভয় পেয়ে দুই দিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএর একটি পিলারের কাছে গিয়ে লুকিয়ে পড়েন।

পরে ওই দুই পুলিশ সদস্য সেখানে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। দীপ তাঁদের জানান, তিনি তাহসিফের সঙ্গে এসেছেন। এরপর পুলিশ সদস্যরা তাঁকে আর কিছু না বলে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর তাহসিফের সঙ্গে তাঁর আর দেখা হয়নি বলে দাবি করেছেন দীপ।

তবে তদন্তে পাওয়া তথ্যপ্রযুক্তিগত উপাত্তে দীপের এই বক্তব্যের সঙ্গে সময়ের কিছু অসংগতি দেখা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তথ্য অনুযায়ী, রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে শেষ ভয়েস বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ এর ঠিক চার মিনিট পর, রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁর ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে জানান, তাঁর ফিরতে দেরি হবে। পরে রাত আড়াইটার দিকে দীপ একাই বাসায় ফেরেন।

তদন্তসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ঘটনার সময় টঙ্গীর মাজার বস্তি এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল দায়িত্ব পালন করছিল। তাহসিফের মৃত্যুর সঙ্গে ওই টহল দলের কোনো ভূমিকা বা সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নৌপুলিশ ইতোমধ্যে ওই পুলিশ সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে।

এ ছাড়া স্থানীয়দের সরবরাহ করা ভিডিও এবং নৌপুলিশের সংগ্রহ করা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এসব ফুটেজের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনের সময় তাঁর ট্রাউজারের পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোহাম্মদপুর থেকে দীপকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর দীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে মিরপুর ১৪ নম্বর এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার ছিল দিশার রিমান্ডের প্রথম দিন এবং দীপের রিমান্ডের দ্বিতীয় দিন। তাঁদের জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রযুক্তিগত উপাত্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের চেষ্টা করছে নৌপুলিশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]