প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম (ভিজিট : ৮৬)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী—যেটি আগে ঘটে—সে সময় পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।