| শিরোনাম: |
সংগৃহীত ছবি
অল্প বয়সেই ডেঙ্গু কেড়ে নিল চিকিৎসক আঁচল রায়ের প্রাণ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও তিনি নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন।
তার মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের।
তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বর মাসে। এ মাসেই আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৯০ জন।
আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারীর হার ৪৭ দশমিক ৪ শতাংশ।